যুক্তরাজ্যেও ন্যূনতম মজুরি, ছুটি, পেনশন দেবে উবার

১৮ মার্চ, ২০২১ ১৪:৪৮  
যুক্তরাজ্যের প্রায় ৭০ হাজার তালিকাভূক্ত চালকের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার ঘোষণা দিয়েছে উবার। উবার চালকদের পদমর্যাদা নিয়ে যুক্তরাজ্যে আইনী লড়াইয়ের এক মাস পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে উবার কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে মাইলফলক হিসেবে অভিহিত করেছেন উবার ড্রাইভারদের প্রতিনিধিত্বকারী বেটস ওয়েলসের আইনজীবী র‌‌্যাচেল ম্যাথিসন। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘন্টায় ৮.৭২ পাউন্ড করে ন্যুনতম জাতীয় মজুরি পাবেন উবার চালকরা। এর আগে উবার জানিয়েছিল, প্রতিষ্ঠানটি "পরিবর্তনে আগ্রহী" এবং নতুন এই সিদ্ধান্তের ফলে যাত্রী ভাড়া বাড়ার তেমন সম্ভাবনা নেই। তবে প্রায় একই রায় দেওয়ার পরে উবার ক্যালিফোর্নিয়ায় ভাড়া বাড়িয়েছিল এবং সম্ভবত যুক্তরাজ্যেও একই ঘটনা ঘটতে যাচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের।